29 C
Dhaka
বুধবার, জুলাই ২৯, ২০২৬
দেশে বিদেশেমানবপাচার রোধে মাদারীপুরে পুলিশের বিশেষ মনিটরিং সেল

মানবপাচার রোধে মাদারীপুরে পুলিশের বিশেষ মনিটরিং সেল

দেশের মানবপাচারপ্রবণ জেলাগুলোর অন্যতম মাদারীপুর। উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে দালালচক্রের খপ্পরে ফেলে প্রতিবছর জেলার বহু মানুষকে বিদেশে পাচার করা হয়। কেউ নিঃস্ব হয়ে দেশে ফেরেন, কেউ আবার বছরের পর বছর বিদেশের বন্দিশিবিরে মানবেতর জীবন কাটান। অনেক পরিবার সর্বস্ব হারিয়েও ন্যায়বিচার পায় না। এমন বাস্তবতায় মানবপাচার প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে মাদারীপুর জেলা পুলিশ। এ লক্ষ্যে চালু করা হয়েছে ‘মানবপাচার প্রতিরোধ ও মনিটরিং সেল’।
মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের নিচতলার একটি কক্ষে আনুষ্ঠানিকভাবে সেলটির উদ্বোধন করেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, সহকারী পুলিশ সুপার সালাহউদ্দিন কাদের এবং জেলার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “মাদারীপুর একটি মানবপাচারপ্রবণ জেলা। উন্নত জীবনের আশায় অনেক মানুষ প্রতারক চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। মানবপাচারের শিকার ব্যক্তিদের নিরাপত্তা, আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতেই এই মনিটরিং সেল গঠন করা হয়েছে।”
তিনি জানান, নতুন এই সেল মানবপাচার-সংক্রান্ত প্রতিটি মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। অভিযোগ গ্রহণ, তদন্ত, অভিযোগপত্র (চার্জশিট) দাখিল, সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিত করা, বিচারিক কার্যক্রম তদারকি এবং ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান—সব কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হবে। এতে মামলার দীর্ঘসূত্রতা কমবে এবং ভুক্তভোগীরা দ্রুত প্রয়োজনীয় সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।
পুলিশ সুপার আরও বলেন, অতীতে মানবপাচারের শিকার অনেক ব্যক্তি মামলা করতে গিয়ে কিংবা মামলা পরিচালনার সময় বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন। অনেক ক্ষেত্রে দালালচক্রের চাপ, ভয়ভীতি কিংবা পাল্টা মামলার আশঙ্কায় ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। নতুন এই মনিটরিং সেল এসব বিষয় নিবিড়ভাবে তদারকি করবে এবং ভুক্তভোগীদের পাশে থাকবে।
তিনি আরও জানান, মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, দালালচক্র শনাক্তকরণ এবং আন্তঃজেলা সমন্বয় জোরদারেও গুরুত্ব দেওয়া হবে। জেলা পুলিশের প্রত্যাশা, এই উদ্যোগ মানবপাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং ভুক্তভোগীদের বিচারপ্রাপ্তি আরও সহজ করবে।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

পাঠকের মন্তব্য