মাদারীপুর সদর উপজেলার চর খোয়াজপুর এলাকা থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে সাব্বির হোসেন হৃদয় (২৬) নামে এক ব্যক্তি পলাতক রয়েছেন। সোমবার (১০ আগস্ট) রাতে সদর মডেল থানাধীন চর খোয়াজপুর টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় চর খোয়াজপুর টেকেরহাট এলাকার আব্দুল জব্বার তালুকদারের মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ভাড়া ইউনিটে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওই ইউনিটের ভাড়াটিয়া সাব্বির হোসেন হৃদয়ের বসতকক্ষ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাব্বির পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, পলাতক সাব্বির হোসেন হৃদয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুর জেলা পুলিশ জানায়, মাদক, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
